Ticker

6/recent/ticker-posts

শুনেছি তাই

শুনেছি তাই 


শুনেছি, তোমার মাঝে নাকি স্বপ্ন আছে?

আমি যে কত রাত স্বপ্নবিলাসী হয়েছি!

অথচ নাগাল পাইনি সে স্বপ্নের হায়।

রঙ আর আবেশ ছড়ানো স্বপ্নগুলো আমার,

কবেই ছারখার হয়ে গেছে! আমি চুপচাপ তবুও।


শুনেছি, তুমি নাকি শেষ গন্তব্য জানো?

আর এদিকে আমি রাস্তা খুঁজে পাইনা।

অথচ ভুল রাস্তায় হেঁটেই আমি ক্লান্ত।

লক্ষ্যে আর পৌঁছাতে পারিনি,

কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছি বারংবার।


শুনেছি, তোমার সাথে আলো আছে?

আমি যে অন্ধকারে হাঁটতে পারি। 

তবুও কতবার যে হোঁচট খেয়েছি!

রক্তাক্ত হয়েও চেয়েছি আলো আসুক,

অন্ধকার আজও কাটেনি। রক্তাক্ত এখনো পা।


শুনেছি, তোমার অন্তরে নাকি ভেদাভেদ নেই?

সবাইকে আপন করে নাও জানি।

অথচ আমার মত অস্পৃশ্য আত্নারা,

দূরেই দাঁড়িয়ে দেখে এই মমতার বন্ধন।

আবছায়ার মত আড়ালেই দাঁড়িয়ে থাকি।


শুনেছি, তুমি নাকি হাত ধরতে চাও?

আমি যে বড্ড বেমানান একজন।

অথচ আমার মুখে হাসি ছিল সবচেয়ে বেশি!

কালের বিবর্তনে আমি আজ নির্বিকার জীব,

স্পর্শ পেয়ে জীবনের আস্বাদ আমিও চাই।


Written by Hasan Ibrahim.

Copying without permission is strictly prohibited.      

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ